মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইরান-ইসরায়েল সংঘাতের পর ইসরায়েল হয়তো তুরস্ককে তাদের নতুন প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করতে পারে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, ইসরায়েল এমন একটি রাষ্ট্র যা শত্রু ছাড়া টিকে থাকতে পারে না। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার পর তারা তুরস্ককে নতুন লক্ষ্যবস্তু হিসেবে উপস্থাপন করতে পারে।
তিনি আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়েছে। যদিও এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি, তবে দুই পক্ষই যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহী বলে তিনি মনে করেন।
আঞ্চলিক নিরাপত্তায় পারমাণবিক ইস্যুকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
ফিদান সতর্ক করে বলেন, পারমাণবিক ইস্যুতে যদি অবস্থান ‘সব অথবা কিছুই না’ ধরনের হয়, তাহলে কূটনৈতিক সমাধান জটিল হয়ে পড়বে এবং বিশ্ব বড় ধরনের সংকটে পড়তে পারে।
উল্লেখ্য, গাজা ও লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনা করে আসছে তুরস্ক। ফিদানের এই মন্তব্য আঙ্কারা ও তেল আবিবের মধ্যকার চলমান কূটনৈতিক টানাপড়েন আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা





